ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। সেই সঙ্গে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, উকিল আব্দুস সাত্তার বিগত ৪ বছর সংসদ সদস্য থাকার পরও বিএনপি নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। ছেলে মঈনুল হক তুষার টিরআর কাবিখার নামে লুটপাট করছে। বিএনপি থেকে পদত্যাগ করে দলীয় সিদ্ধান্ত না মেনে তিনি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সেজন্য উকিল আব্দুস সাত্তার ও তার ছেলে মঈনুল হক তুষারকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যদি দলীয় নেতা-কর্মীদের কেউ তার পক্ষে নির্বাচনে পক্ষ নেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির যৌথ সভায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি ইদ্রিস আলী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাছির মুন্সী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগো দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ই ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।












