একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়া অংশ নিয়ে ঝড় তুলেছেন ইরানি নারী দাবা খেলোয়াড় সারা খাদেম। ইরানে নারীদের হিজাব নিয়ে কড়াকড়ির প্রতিবাদ জানিয়ে দেশটির অনেক নারী ক্রীড়াবিদই সম্প্রতি হিজাব ছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন। ইরানের ড্রেস কোডে নারীদের অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে। তবে সারা খাদেম কাজাখস্তানের আলমাতি শহরে হওয়া এফআইডিই ওয়ার্ল্ড র্যা পিড অ্যান্ড ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়াই অংশগ্রহণ করেন। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, প্রথমে ইরানি গণমাধ্যম জামারান প্রথমে এই খবর এবং ওই দাবাড়ুর হিজাব ছাড়া ছবি প্রকাশ করে। সারা ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক দাবা ফেডারেশন অনুসারে, বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় খেলোয়াড়দের মধ্যে ৮০৪ তম স্থানে রয়েছেন তিনি। ইরানিদের মধ্যে তার অবস্থান ১০ম। অক্টোবরে ইরানী পর্বতারোহী এলনাজ রেকাবিও বাধ্যতামূলক হিজাব ছাড়াই দক্ষিণ কোরিয়ায় প্রতিযোগিতা করেছিলেন। যদিও পরে তিনি বলেছিলেন যে, এটি দুর্ঘটনাক্রমে পড়ে গেছে।












