ঘাটাইলের বানিয়াপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল ২ স্কুলছাত্রের। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে তাদের অপর বন্ধু। সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় একটি গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ঘাটাইল পৌর এলাকার চান্দশী গ্রামের আব্দুস সালামের পুত্র মো. সাকিব আল হাসান (১৬) ও ঘাটাইল উত্তর পাড়া এলাকার মুক্তার আলীর পুত্র মো. সুমন মিয়া (১৬)। এ ঘটনায় মারাত্মক আহত সিয়ামকে (১৬) উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিয়াম চান্দশী গ্রামের আয়নাল হকের পুত্র। তারা সবাই ঘাটাইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, তিন বন্ধুই ২০২৩ সালে ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু গত সোমবার তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সারা দিন ঘুরাফেরা করে রাতে বাসায় ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর বন্ধু আহত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিল।












