গুঞ্জন রটে উদ্বোধনী ম্যাচে কাতারকে জেতাতে ম্যাচ ফিক্সিং করবেন ইকুয়েডরের ৮ খেলোয়াড়। তবে ম্যাচের খেলায় উল্টো কথাও মনে হতে পারে। ছন্দময় ফুটবলে কাতারের রক্ষণ ব্যস্ত রেখেছে লাতিন আমেরিকার দলটি। জোড়া গোলে দলকে শুভ সূচনা এনে দিয়েছেন ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। জিতেছেন কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচসেরা হওয়ার পুরস্কার। একইসঙ্গে ভ্যালেন্সিয়া গড়েছেন রেকর্ড।
রোববার রাতে আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের বয়স ১০ মিনিটে গড়ানোর আগেই জালের দেখা পেয়ে যায় ইকুয়েডর। তবে এনার ভ্যালেন্সিয়া গোলে গ্যালারিভর্তি ইকুয়েডর সমর্থকদের উচ্ছ্বাসে পানি ঢেলে দেয় ভিএআরের সিদ্ধান্ত। অফসাইডের খড়গে বাতিল হয় গোল। পার্থক্য গড়ে দিতে অবশ্য সময় নেননি ইকুয়েডর অধিনায়ক ভ্যালেন্সিয়া। ১৬তম মিনিটে ফেনারবাখের এই স্ট্রাইকারকে পা টেনে ফেলে দেন কাতার গোলরক্ষক সাদ আল শিইব।












