টি-টোয়েন্টি বিশ্বকাপে করোনার কোনো বিধিনিষেধ রাখেনি আইসিসি। এ নিয়ে আইন শিথিল করেছে অস্ট্রেলিয়া সরকারও। এমনকি ম্যাচের আগেও বাধ্যতামূলক কোভিড টেস্টের নিয়ম রাখা হয়নি। আইসিসির দেয়া সুবিধার প্রথম লাভ ভোগকারী আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। করোনা আক্রান্ত হয়েও ম্যাচ খেলেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াই শুরু করেছে আয়ারল্যান্ড। ম্যাচ শুরুর আগে এক টুইট বার্তায় ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) জানায়, ‘ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করছে যে, জর্জ ডকরেল সম্ভাব্য কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। করোনা ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয়, জাতীয় ও আইসিসির গাইডলাইন মেনে তার পরিচর্যা করা হচ্ছে।’
বিশ্বকাপে করোনা নিয়ে আইসিসির দেয়া একমাত্র নির্দেশনা হলো, কোনো ক্রিকেটার করোনার আক্রান্ত হলে, সে ম্যাচ খেলার উপযোগী কি না তা সিদ্ধান্ত নেবেন চিকিৎসক। ক্রিকেট আয়ারল্যান্ডের বিবৃতিতে বলা হয়, ‘ডকরেলের করোনার উপসর্গ খুব কম। আইসিসি এবং হোবাট স্টেডিয়াম সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।’ অর্থাৎ, চিকিৎসকের ছাড়পত্র পাওয়ায় ম্যাচ খেলতে কোনো অসুবিধা হয়নি ডকরেলের।
সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে আয়ারল্যান্ড। সে ম্যাচে ১৬ বলে ১৪ রান করেন জর্জ ডকরেল।
প্রথম পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্য ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন এই ৩০ বছর বয়সী অলরাউন্ডার। স্কটিশদের ৬ উইকেটে হারানোর ম্যাচে ২৭ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ডকরেল।












