সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আলম ওরফে হিরো আলম আলোচিত হয়েছিলেন গানের মডেল হয়ে। এরপর সিনেমা বানানো ও গান গাওয়া শুরু করলেন। বিকৃত সুরে গান গাওয়ার জন্য পুলিশে পর্যন্ত যেতে হয়েছিল তাকে। এবার সেই হিরো আলম কবিতা আবৃত্তি করবেন। মূলত একটি পোয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করা হবে, সেখানেই হিরো আলমের কণ্ঠে থাকবে কবিতা। আট মিনিট দৈর্ঘ্যের এই ফিল্মের কবিতা লিখেছেন অতিন্দ্র কান্তি অজু। ‘হাসিওয়ালা’ নামের পোয়েট্রিক্যাল ফিল্মটি তিনিই পরিচালনা করবেন।
অতিন্দ্র কান্তি অজু বলেন, হিরো আলমকে নিয়ে নানাজন নানাভাবেই কাজ করেছেন। এবার আমরা চেয়েছি তাকে নিয়ে সিরিয়াসভাবে কাজ করব। এই উদ্যোগ থেকে হিরো আলমকে দুই মাস ধরে আবৃত্তিচর্চার মধ্যে রেখেছি।
তাকে আবৃত্তি শিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল আদীব। তার নির্দেশনাতেই হিরো আলম আবৃত্তি করছেন। যার ফলে আমরা বলতে পারি খুব ভালো একটা কাজ হবে এটা। এ বিষয়ে হিরো আলম বলেন, আমার জীবন নিয়ে এই কবিতা লেখা হয়েছে। সেটা আমি আবৃত্তি করব। আর কবিতার সঙ্গে অভিনয় করব আমি, রিয়া মনিসহ কয়েকজন। আমার দুঃখ-দুর্দশা এই কবিতার মাধ্যমে উঠে আসবে। আমার মনে হয় এটা আমার জীবনের সেরা কাজগুলোর একটা হতে যাচ্ছে।












