এশিয়া কাপে হাসেনি বাবর আজমের ব্যাট। ছয় দলীয় টুর্নামেন্টে ব্যর্থ হওয়ায় দুর্দান্ত বাবরকে নিয়ে সমালোচনা শুরু করেন পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটাররা। সাবেক পাক পেসার আকিব জাভেদ বাবরের স্ট্রাইকরেট খোটা দেন। এর জবাবে গণমাধ্যমকে বাবর বলেছিলেন, ‘সাবেকরা তাদের মত প্রকাশ করতে পারেন। তবে ব্যক্তিগত আক্রমণ হতাশাজনক।’ এবার সমালোচকদের বাইশ গজে জবাব দিলেন বাবর। ব্যাটিংয়ে ঝড় তুলে গড়লেন রেকর্ড।
বৃহস্পতিবার করাচিতে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ২০০ রানের টার্গেটে ১০ উইকেটের জয় পায় পাকিস্তান। ৬৬ বলে ১৬৬.৬৬৬ স্ট্রাইকরেটে ১১০ রান করেন বাবর আজম। সেঞ্চুরি হাঁকানো ইনিংসটি ১১ চার ও ৫ ছক্কার মারে সাজান পাকিস্তান অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সেঞ্চুরি বাবর আজমের। গত বছরের ১৪ই এপ্রিল সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।












