পেট্রোল সহ জ্বালানির দাম বৃদ্ধির কারণে সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সুপ্রিমো, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও জোটের শক্তিশালী অংশীদার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পরবর্তী ১৫ দিনের জন্য সোমবার রাতে প্রতি লিটার পেট্রোলের দাম সরকার বাড়িয়েছে ৬.৭২ রুপি। ফলে প্রতি লিটার পেট্রোলের দাম এখন ২৩৩.৯১ রুপি। অন্যদিকে ডিজেলের দাম বাড়িয়ে লিটারে করা হয়েছে ২৪৪.৪৪ রুপি। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের ফলে সরকারের ভিতরকার ওই দুই নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ ও ডন।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে এবং পাকিস্তানি রুপির দাম বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। তা সত্ত্বেও তেলের দাম বৃদ্ধি করার জন্য সরকারের সমালোচনা করেছেন আসিফ আলি জারদারি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, সরকারের অংশীদার ও সমর্থক পিপিপি। কিন্তু এমন সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অবশ্যই পরামর্শ করা উচিত ছিল। তার ভাষায়, আমরা সরকারের এসেছি জনগণকে স্বস্তি দিতে।












