শুক্রবার বিকালে শেরপুরের ঝিনাইগাতীতে ঢলের পানিতে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুজন হলেন, উপজেলার সদর ইউনিয়নের আশরাফ আলী (৬০) এবং ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের আবুল কালাম (৩৩)।
শুক্রবার বিকালে আশরাফ আলী ঢলের পানি দেখতে গিয়ে অসাবধানতায় পানিতে ভেসে যান। তাকে সে সময় উদ্ধার করতে ব্যর্থ হয় স্থানীয়রাও। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেও আশরাফ আলীকে উদ্ধার করতে পারেননি। শনিবার সকালে বৈরাগী গ্রামে নদীর পানিতে তার মরদেহ দেখতে পায় লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে বাগেরভিটা গ্রামের আবুল কালাম হাঁস ধরতে গিয়ে ঢলের পানিতে ভেসে যান। সকালে বাগেরভিটা এলাকায় তার মরদেহ ভাসতে দেখা যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভ’ঁইয়া জানান, বিষয়টি যেহেতু অপমৃত্যুর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জানিয়েছেন, বন্যার পানিতে মৃত দুজনের পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।












