ফুটবল বিশ্বকাপের পর চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন তিউনিশিয়ার কোচ জলিল কাদরি। ফেডারেশনের কাছে নিজেই আবেদন জানান তিনি। উল্টো তার চুক্তির মেয়াদ আরও ১২ মাস বাড়িয়ে দিয়েছে তিউনিশিয়া ফুটবল ফেডারেশন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। জানিয়েছে, আগামী এক বছর তিউনিশিয়ার সঙ্গেই থাকছেন ৫১ বছর বয়সী কাদরি।
কাতার বিশ্বকাপে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের গ্রুপে ছিল তিউনিশিয়া। শেষ ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে তাক লাগিয়ে দেয় আফ্রিকান দলটি। তবে দ্বিতীয় পর্বে যাওয়া হয়নি। টুর্নামেন্টের পর পারফরম্যান্স মূল্যায়নের জন্য ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন কাদরি। নিজেই জানান, কাজ করতে ইচ্ছুক নন। তবে ফেডারেশন এই কোচের ওপর আস্থা রেখেছে।












