মিয়ানমারের সেনাবাহিনীর আয় বন্ধ করতে এবং তাদের কাছে অস্ত্র বিক্রি থামাতে বিশ্বের দেশগুলোকে আরও কার্যকরি পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে জাতিসঙ্ঘ। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর থেকে এই আহবান জানিয়ে বলা হয়, জনগণকে নিপীড়ন ও ভয় দেখিয়ে শাসন করছে মিয়ানমার সেনাবাহিনী। তাই অবিলম্বে তাদেরকে আরও বিচ্ছিন্ন করে দিতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই তারা গণতন্ত্রের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের কঠিনভাবে দমন করেছে। এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে সেনাবাহিনীর গুলিতে। গণগ্রেপ্তার এখনও অব্যাহত আছে। হাজার হাজার মানুষ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে বন্দি হয়ে আছে। সেনাবাহিনীর উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে মিয়ানমারের বিরুদ্ধে। এখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় চাপের মুখে পড়া অর্থনীতি সামাল দেয়ার চেষ্টা করছে দেশটির সামরিক শাসকরা।












