মিরপুরে আজ শরীরচর্চা অনুশীলনের সময় ব্যথা পেয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহীম। তার হাঁটুর নিচে কেটে গেছে। ৬টি সেলাই লেগেছে। সুস্থ হতে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
বিসিবি’র ডাক্তার মঞ্জুর হোসাইন চৌধুরী মানবজমিনকে বলেন, ‘সকাল ৮টায় জিম করার সময় হাঁটুর নিচে কেটে যায় মুশফিকের। ৬টি সেলাই পড়েছে। সেলাই কাটতে ১৪ দিন লাগবে।’
এশিয়া কাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহীম। আপাতত অন্য ফরম্যাট নিয়ে ব্যস্ততা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে মুশফিকের সতীর্থরা এখন অবস্থান করছেন আরব আমিরাতে। তবে জাতীয় লীগ সামনে রেখে নিজেকে ফিট রাখছেন মুশফিক। মিরপুর স্টেডিয়ামে এসে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন তিনি।
১০ই অক্টোবর শুরু হবে জাতীয় লীগের খেলা।












