টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ডা. সুলতান খানের ছেলে মো. রানা খান (১৮) ও একই গ্রামের ফজলুর রহমান খানের ছেলে মো. নাঈম খান (১৭) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুস সাত্তার খানের ছেলে মো. শাকিল খান (১৭)। এদের মধ্যে নিহত রানা কলেজে পড়েন এবং নিহত নাঈম ও আহত শাকিল এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
নিহতের আত্মীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। বিভিন্ন স্থানে ঘুরাফেরা শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ছনখোলা বাজার থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে তিন বন্ধুই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে আহত রানাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাঈম ও শাকিলকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত ডাক্তার শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহত অবস্থায় নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদানের জন্য প্রেরণ করা হয়। ঢাকা নেয়ার পথে রাস্তায় নাঈমের মৃত্যু হয়।












