ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেডারেশনের (আইইউএসএফ) আহ্বায়ক ওয়াসান্তা মুদালিগে এবং অন্য দু’জনকে ৯০ দিন বা তিন মাস আটক রাখার এবং জিজ্ঞাসাবাদের নির্দেশ ইস্যু করেছে শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালদুয়া এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। উল্লেখ্য, রাজধানী কলম্বোতে প্রতিবাদ আহ্বান করার কারণে ১৯শে আগস্ট ওয়াসান্তা মুদালিগে, হাসান জীবান্থা গুলাতিলেকে এবং গালওয়েওয়া সিরিধাম্মা থেরো’কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক আইনের অধীনে ৭২ ঘন্টা জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়। এর আগে পুলিশ বলেছে, তদন্ত এবং সন্দেহভাজন এ তিনজনকে জিজ্ঞাসাবাদের তথ্য আইজিপির নির্দেশনা অনুযায়ী হস্তান্তর করা হবে সিআইডিতে।
সিআইডি যদি রিপোর্টে দেখতে পায় আটক ওই তিন নেতা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাহলে রিপোর্ট টেরোরিজম ইনভেস্টিগেশন ডিভিশনে (টিআইডি) হস্তান্তর করতে নির্দেশনা দিয়েছে আইজিপি। এসব ছাত্র নেতার বিরুদ্ধে আটক রাখার নির্দেশে স্বাক্ষর না করতে প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের প্রতি রোববার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশ্যাল র্যাপোর্টিউর ম্যারি ললোর।
ওদিকে স্লেভ আইল্যান্ড পুলিশ স্টেশনের কাছে নীরব প্রতিবাদ করেছেন একদল বিক্ষোভকারী। ইন্ডিপেন্ডেন্ট ইয়ুথ ফ্রন্টের পক্ষে সমাজকর্মী নুয়ান নীলামুনি পুলিশ স্টেশনে অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে যাওয়ার পর সোমবার এই বিক্ষোভ হয়। অভিযোগ আছে, সম্প্রতি গণআন্দোলনের সময় প্রেসিডেন্টের বাসভবনে জোর করে তিনি প্রবেশ করেছিলেন।
।












