বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় যতো দ্রুত সম্ভব অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। সোমবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তারা।
এর আগে শারীরিক চেকআপের জন্য সোমবার বিকাল সাড়ে চারটায় এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বেগম খালেদা জিয়াকে। এ সময় তার স্বাস্থ্যের বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। প্রায় আড়াই ঘণ্টা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে বাইরে বের করা হয়। রাত পৌনে আটটায় বাসায় ফিরেন তিনি।
এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার খবর শুনে দুপুরের পর থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফিরোজা এবং এভারকেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ওনার (খালেদা জিয়া) বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। আরো কিছু পরীক্ষা বাকি আছে। আজকের পরীক্ষার রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। পাওয়ার পর মেডিকেল বোর্ড বসিয়ে উনার পরবর্তী চিকিৎসা দেয়া হবে। আপনারা জানেন, বেগম জিয়া বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।












