মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। কুয়ালালামপুর সফররত পররাষ্ট্র মন্ত্রী মোমেন বুধবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী মোমেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্রুতই সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ’র সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আব্দুল্লাহ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন মালয়েশিয়ার সদ্য-সাবেক প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান মুহিইদ্দিন ইয়াসিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ
Date:












