বৃটেনে গত দুইদিন ধরে তীব্র তাপদাহে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গরমের কারণে রাস্তাঘাট এখন ফাঁকা। মঙ্গলবার লন্ডনে দাবদাহে ওয়েনিংটনের একটি গ্রামের কয়েকটি বাড়ি ও ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি ও শতাধিক ফায়ারকর্মী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনশ’ বাসিন্দা এই গ্রামে বাস করছেন বলে জানিয়েছে স্কাই নিউজ।
আবহাওয়া অফিস গতকাল সোমবার থেকে লন্ডন, ম্যানচেষ্টার ও ইয়র্কসহ বিভিন্ন এলাকায় লাল সর্তকতা (জরুরী অবস্থা) বহাল রেখেছে। গরমের কারণে জরুরী অবস্থা জারির ঘটনা এই প্রথম। এমন অবস্থায় বেশ কিছু স্কুল ও ট্রেন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার গ্যাটউইক বিমানবন্দরের কাছে চালউডে সাময়িকভাবে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। এটা সকল রেকর্ড ভঙ্গ করেছে।
তাপদাহের কারণে ট্রেন চলাচলে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে।












