ক্ষমতাসীন আওয়ামী লীগকে অবৈধ সরকার আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত আওয়ামী লীগ। অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন ও ব্যথিত। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়ানক অগ্নিকাণ্ড এবং গত বৃহস্পতিবার নবাবপুর মার্কেটে আগুন লাগার কয়েকদিনের মাথায় আজ আবারও নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত যে, অবৈধ আওয়ামী সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত, অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোন আগ্রহ নেই।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের সময়ে দেশের বড় বড় মার্কেটে সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত ও ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও আওয়ামী সরকারের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। এসব অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠিত হলেও তা কখনো আলোর মুখ দেখে না। এ সরকারের আমলে মানুষের জানমালের কোন মূল্য নেই। একের পর এক এ ধরণের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না। রাজধানীসহ দেশের বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনাগুলো খুবই রহস্যজনক। ইতোমধ্যে ব্যবসায়ীসহ জনসাধারণের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এধরণের মর্মস্পর্শী ঘটনার বারবার পুণরাবৃত্তি ঘটছে-যা কোনক্রমেই কাম্য হতে পারে না।
রাজধানীর নিউ সুপার মাকেটে অগ্নিকাণ্ডসহ সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন বিএনপি মহাসচিব। এছাড়াও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে আহ্বান জানান।












