কোনো দলে রোনালদোর উপস্থিতি বাজে প্রভাব ফেলবে। তাকে সই করিয়ে বড় ভুল করেছে আল নাসর’। সৌদি সুপারকাপ থেকে আল নাসর এফসির বিদায়ের পর এক ম্যানইউ ভক্তের এই টুইট বার্তাটি প্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডভিত্তিক গণমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’। ম্যাচটি হারের জন্য ক্রিস্টিয়ানোকেই দায় দিয়েছিলেন নাসর কোচ রুডি গার্সিয়া। তবে কি পর্তুগিজ সুপারস্টারকে ভিড়িয়ে সত্যিই ভুল করলো আল নাসর? রিয়াদের ক্লাবটির মিডফিল্ডার লুইস গুস্তাভো মানছেন না সে কথা। ব্রাজিলিয়ান তারকার ভাষ্য, প্রতিনিয়ত রোনালদোর কাছ থেকে শিখছেন তারা। তবে রোনালদোর উপস্থিতি আল নাসরকে ভোগাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রাত্য হয়ে গত ডিসেম্বরে অ্যারাবিয়ান ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচ ব্যালন ডি’অরের মালিককে বছরে ২ হাজার কোটি টাকার বেশি পারিশ্রমিক দেবে রিয়াদের ক্লাবটি। রেকর্ডগড়া স্যালারি পেলেও নাসরের হয়ে নিজের প্রথম তিন ম্যাচে রোনালদো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। গোল মিসের পসরা বসিয়ে পেনাল্টি থেকে মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি।












