২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়তে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুক্রবার তিনি ডেমোক্রেট সমর্থকদের একটি সমাবেশে যোগ দেন তিনি। এসময় সেখান থেকে সমর্থকরা ‘আরও চার বছর’ বলে স্লোগান দিতে থাকে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আশা করা হচ্ছে না। খবর আরব নিউজের।
খবরে জানানো হয়, এদিন ‘ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির’ সঙ্গে বৈঠক করেন বাইডেন। এসময় যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করতে নিজের কৃতিত্বের দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার প্রশাসন গত কয়েক দশকের মধ্যে পাবলিক ওয়ার্কস, স্বাস্থ্যসেবা এবং গ্রিন টেকনোলজিতে সবথেকে বেশি বিনিয়োগ করেছে। তিনি রিপাবলিকান চরমপন্থারও নিন্দা জানান। বলেন, রিপাবলিকানরা এখনও সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ প্রচারণা নিয়ে বেশি মনোযোগী হয়ে আছে।
এরপরই ফিলাডেলফিয়ার বিশাল মঞ্চ থেকে বাইডেন সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, আপনারা কাকে ভোট দেবেন? এসময় সেখানে সারা দেশ থেকে আসা হাজারো ডেমোক্রেট সমর্থকরা ‘আরো চার বছর! আরো চার বছর!’ বলে স্লোগান দিতে থাকে।












