সদ্য সমাপ্ত উপনির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলম প্রসঙ্গে ইউটার্ন নিলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হিরো আলমকে নিয়ে কিছুই বলেননি বলে জানান তিনি। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, হিরো আলমকে কিছুই বলিনি। আমি যা বলেছি, তা মির্জা ফখরুলের কথার জবাবে বলেছি।
এর আগে শনিবার কামরাঙ্গীরচরের শান্তি সমাবেশে হিরো আলম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘জাতীয় সংসদকে খাটো করতে বগুড়ায় উপনির্বাচনে হিরো আলমকে প্রার্থী করেছিল বিএনপি। হিরো আলমের জন্য এতো মায়া ফখরুলের। হিরো আলম এখন জিরো হয়ে গেছে। পার্লামেন্টকে খাটো করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছিল ফখরুলরা।’
সেই বক্তব্য থেকে অনেকটা সরে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, সে (হিরো আলম) প্রান্তিক মানুষের প্রতিনিধি হিসেবে ভোট করেছে। ভালো ভোটও পেয়েছে।
এর আগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম-৮ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের জানাজায় অংশ নেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ আনেন।












