প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র মুক্ত, উন্নত সমৃদ্ধ তথ্য জ্ঞান সম্পন্ন একটি জাতি। যে জাতি হবে স্মার্ট জাতি। আমাদের সরকার, আমাদের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে আমাদের জনগোষ্ঠীকে স্মার্ট জনগোষ্ঠী হিসেবে তুলবো। সেটাই আমাদের লক্ষ্য।
২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। এ সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময়ে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মার্যাদা পেয়েছে। এখানেই থেমে থাকলে চলবে না, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে যেতে হবে।
বুধবার সকালে গাজীপুরের মৌচাকে বাংলাদেশ স্কাউট আয়োজিত ৩২তম এশিয়া প্যাসিফিক একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরী সাংগঠনিক কমিটির সভাপতি ড. মোঃ মোজাম্মেল হক খান এবং বাংলাদেশ স্কাউটের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন, স্কার্ফ, ব্যাচ ও ওয়াগল প্রদান করা হয়। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ, শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ ও এপিআর স্কাউট পতাকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্মারক প্রদান করা হয়।
স্কাউট ও স্কাউটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মধ্যে সুপ্ত আছে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিজ্ঞানী, চিকিৎসক, অর্থনীতিবিদ, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, প্রশাসক, শিক্ষক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্য যারা দেশের সেবা করছে। তোমাদের মাঝ থেকেই সকলে উঠে আসবে।












