শুরু হয়েছে নতুন বছর ২০২৩। আর এ উপলক্ষে অন্য সবার মতোই শোবিজ তারকারাও নানা প্রত্যাশার কথা জানাচ্ছেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও নতুন বছর নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন, নানা ব্যস্ততার মধ্যদিয়ে কেটে গেল একটি বছর। এই এক বছরের হিসাবনিকাশ করতে বসলে দেখা যাবে, অপ্রত্যাশিত অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হাতে ধরা দেয়নি; যা নিয়ে আশার জাল বুনেছিলাম। এটাই নিয়ম; যে নিয়মে জীবন প্রবাহ চলতে থাকে। তার চেয়ে বড় বিষয়, ফেলে আসা সময় অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ইংরেজি নতুন বছরে আমার এটাই চাওয়া, ফেলে আসা দিনগুলোয় যা কিছু শেখার সুযোগ হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক- এই প্রত্যাশা সব সময়ের। এদিকে নতুন বছরে জ্বলে ওঠার আভাস আগেই দিয়েছেন জয়া আহসান।












