শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে বনববিভাগের কর্মীরা। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে মেছোবাঘটিকে পুলিশের সহায়তায় উদ্ধার করে বনববিভাগের লোকজন।
বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, রোববার সকালে এলাকাবাসী বাবু নামে একব্যক্তির বাড়ির কাঁঠালগাছে মেছোবাঘটিকে দেখতে পায়। বনবিভাগ ও থানায় খবর দিলে বনবিভাগ সাথে পুলিশের লোক মিলে বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানা কর্তৃপক্ষ বাঘটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করে গারোপাহাড়ে অবমুক্ত করার জন্য।
বিট কর্মকর্তা মকরুল ইসলাম জানান, মেছোবাঘ এমনিতেই কম দেখা যায়। বাঘটি সম্ভবত খাবার সন্ধানে বন থেকে লোকালয়ে এসে পড়েছিলো।












