২০২২ সালে বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যার ঘটনা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোর সন্ত্রাসী গ্যাংগুলোর উৎপাত এর পেছনে দায়ী। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)-এর সর্বশেষ রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এ বছর মোট ৬৭ সাংবাদিক নিহত হয়েছেন। গত বছর এ সংখ্যা ছিল ৪৭।
এ বছর সবথেকে বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন ইউক্রেনে। দেশটিতে চলছে রাশিয়ার সামরিক অভিযান। রাশিয়াকে ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও। ফলে গত ৯ মাস ধরে সেখানে সংঘাত চলছে। আর এই সংঘাতেই প্রাণ হারিয়েছেন ১২ সাংবাদিক। তাদের বেশিরভাগই ইউক্রেনের সাংবাদিক।












