ফের বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭ টাকা। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫১ টাকা। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে। এর আগের মাসে ১২ কেজিতে ৫১ টাকা বেড়েছিল। আজ বিকেলে ডিসেম্বরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান আবদুল জলিল।
তিনি বলেন, সরকারের ইচ্ছা অনুসারে সংশ্লিষ্ট বিভাগ বিইআরসি আইন সংশোধন করেছে। সরকার চাইলে আইন পরিবর্তন করতে পারে। কমিশন আইন অনুযায়ী চলবে। গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।












