যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ট্রাম্পের একজন সহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন। আগে থেকেই ১৫ নভেম্বর এই ঘোষণার আভাষ দিয়ে আসছিলেন তিনি। বলেছিলেন, এদিন বড় ঘোষণা আসছে। তবে কারোই বুঝতে বাকি ছিল না, ট্রাম্পের বড় ঘোষণা আসলে কি। অবশেষে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট তার ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে সেই ঘোষণা দিলেন। এসময় সেখানে তার শত শত সমর্থকরা উপস্থিত ছিলেন। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।
যদিও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এজন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।












