আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ (১৬ নভেম্বর)। ১৯৯৫ সালের এই দিনে ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে ‘সহনশীলতা নীতির ঘোষণাপত্র’ গ্রহণ করেছিল। সেই প্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৬ সালে একটি প্রস্তাব গ্রহণের মাধ্যমে ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করেছিল।
বিশ্বজুড়ে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বার্তা দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রচারিত ওই বার্তায় সার্বজনীন মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের সাথে কাজ করতে নিজেদের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে দেশটি।
ইংরেজিতে পোস্ট করা টুইট বার্তাটির বাংলা অর্থ দাঁড়ায়ঃ
“আজকে আমরা আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালন করছি। অস্ট্রেলিয়ার মূল মূল্যবোধগুলোর মধ্যে রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতিগুলোর মাঝে পারস্পরিক বোঝাপড়া ও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন। সেই সাথে বিভিন্নভাবে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটানো। সার্বজনীন মানবাধিকার সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ এবং অন্যদের সাথে কাজ করতে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”












