মিয়ানমারে বেসামরিক সরকারের কাছ থেকে গত বছর ক্ষমতা কেড়ে নেয় সামরিক জান্তা। তারপর হত্যা করা হয় এবং গ্রেপ্তার করা হয় হাজার হাজার মানুষকে। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলের শহর দাওয়ে’তে শান্তিতে বসবাস করছিলেন হনিন সি। ওই সময়ে তিনি যখন অফিসে যেতেন, সপ্তাহান্তে ঘুরতে বেরুতেন, তখন তিনি বাইসাইকেলে চারপাশের প্রকৃতি দেখতেন অথবা বন্ধুদের সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে যেতেন আন্দামান সাগরের সৌন্দর্য্য অবলোকনের জন্য। কিন্তু সেসব দিন আর নেই। অনলাইন আল জাজিরা এ নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের পর সেনা শাসনের বিরুদ্ধে যারাই গিয়েছেন তাদের বিরুদ্ধে ভয়াবহ দমনপীড়ন শুরু করেছে তারা। বিশেষ করে তাদের বড় প্রতিপক্ষ হলো যুব সমাজ। তারাই বেশি প্রতিবাদমুখর হয়েছে। কিন্তু এই যুব সমাজের ওপর যখন দেশের অর্থনীতির ভার থাকার কথা, তখন তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এতে দেশের অর্থনীতি ধসে পড়ছে।












