নারী এশিয়া কাপে শুভ সূচনা করেছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বিসমাহ মারুফরা।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ৫৭ রান তোলে মালয়েশিয়া নারী ক্রিকেট দল। জবাবে ৬৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।
রান তাড়ায় দলীয় ৪৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সিদ্রা আমিন ৩১ রানে আউট হন। দলীয় সর্বোচ্চ ইনিংস খেলতে ২৩ বলে ৫টি বাউন্ডারি হাঁকান তিনি।
এরপর মুনিবা আলী ও বিসমাহ মারুফের ১৬ রানের অপরাজিত জুটিতে জয় পায় পাকিস্তান। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২১* রান করেন মুনিবা। ৮ বলে ৮ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক বিসমাহ।
আগে ব্যাটিংয়ে নেমে ৬ রানেই দুই উইকেট হারায় মালয়েশিয়া। ২ বল খেলে ডাক মারেন অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম। ৫ বলে ৩ রান নিয়ে ফেরেন ম্যাস এলিসা। দলীয় সর্বোচ্চ ২৯ রান নিয়ে অপরাজিত ছিলেন চারে নামা এলসা হান্টার।












