নাইজেরিয়ায় বন্যায় অন্তত ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। একে গত কয়েক দশকের মধ্যে নাইজেরিয়ার সবথেকে ভয়াবহ বন্যা বলে বর্ণনা করেছে দেশটি। এক বিবৃতিতে নাইজেরিয়ার ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন, ৫০০ জন মারা গেছেন এবং এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। বন্যায় আহত হয়েছেন আরও ১৫৪৬ জন।
সিএনএন জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৪৯টি বাড়ি ভেসে গেছে। পানির নিচে তলিয়ে গেছে ৭৭ হাজার হেক্টর জমির ফসল। এ বছর বর্ষাকাল শুরুর পর থেকেই বন্যা পরিস্থিতি খারাপ হতে থাকে নাইজেরিয়ার। তবে গত এক মাসে তা ভয়াবহ রূপ ধারণ করে। সবথেকে খারাপ অবস্থা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আনামব্রার। সেখানে বন্যার পানিতে একটি নৌকা ডুবে গেলে ৭৬ জনের মৃত্যু হয়।
নাইজেরিয়ার কোগি প্রদেশের গভর্নর আলহাজি ইয়াহিয়া বেলো সাংবাদিকদের জানান, কোগির অবস্থা খুবই ভয়াবহ।












