প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ভারতের নতুন হাইকমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা প্রদানের জন্য ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সেই থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। প্রেসিডেন্ট আশা করেন ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্বপালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। প্রেসিডেন্ট আবদুল হামিদ আরও বলেন- বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় আন্তঃদেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন বাংলাদেশ ও ভারত এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। সাক্ষাৎকালে ভারতের নতুন হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে প্রেসিডেন্টের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেসিডেন্ট কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় দূতের পরিচয়পত্র পেশ
Date:












