ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার একাধিক ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছেন। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ বলছে, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় আহত হওয়া কনস্টেবলের নাম মিজানুর রহমান। পুলিশ বলছে, সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে ব্যাটারিচালিত দুটি রিকশা আটক করা হয়। এ ঘটনার পর ব্যাটারিচালিত রিকশার চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তারা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে আসেন। তারা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালান।
ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা হচ্ছে, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চলাচল করতে পারবে না। সেই নির্দেশনা মেনে নিয়মিত অভিযান চালানো হয়। আজ দুটি রিকশা আটক করার পর চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ও পল্লবীর বিভিন্ন ট্রাফিক বক্সে হামলা চালিয়েছেন।












