ফের আমেরিকায় এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটলো। বৃহস্পতিবার রাতে উত্তর ক্যারোলিনার র্যালিঘে এক বন্দুকধারী একজন অফ-ডিউটি পুলিশ অফিসার সহ পাঁচ জনকে হত্যা করেছে। এই ঘটনার জেরে সাধারণভাবে শান্ত আবাসিক এলাকা হঠাৎ করে অপরাধের কেন্দ্রে পরিণত হয়। পুলিশ রিপোর্টে বলা হয়েছে যে, সন্দেহভাজন বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ যুবক। সন্ধ্যার আগেই তাকে আটক করা হয়। পুলিশের একজন মুখপাত্র সন্দেহভাজন ব্যক্তির বয়স উল্লেখ করেননি বা তার সম্পর্কে আরও কোনো তথ্য দেননি। তারা হামলার কারণও জানতে পারেননি। র্যালিঘের মিউনিসিপাল বিল্ডিংয়ে গভর্নর রয় কুপার একটি সংবাদ সম্মেলনে বলেন- ‘সন্ত্রাস আমাদের দোরগোড়ায় পৌঁছেছে। এটি একটি বুদ্ধিহীন, ভয়ঙ্কর এবং ক্রোধজনক সহিংসতার কাজ।”
কর্তৃপক্ষ জানিয়েছে অন্য দু’জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন পুলিশ অফিসার যিনি বৃহস্পতিবার দেরীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন এবং অন্য একজন যিনি গুরুতর অবস্থায় রয়েছেন। হতাহতদের কাউকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।












