দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালনকালে নিহত নেতাকর্মীদের স্মরণে শোক র্যালি করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির যৌথ উদ্যোগে এ র্যালি শুরু হয়। র্যালিটি কাকরাইল মোড়, আরামবাগ হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে যোগ দিতে দুপুর ১টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, কালো ফ্ল্যাগসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে র্যালিতে অংশ নেয়। র্যালি ঘিরে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ এর আশ-পাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী খায়রুল কবির খোকন, আবুদস সালাম, আমিনুল হক, রফিকুল আলম মজনু, শিরিন সুলতানাসহ হাজার হাজার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং চলমান সমাবেশ-কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগে দেশব্যাপী কর্মসূচি পালন করে বিএনপি। এ কর্মসূচি চলাকালীন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌর সভার ৩৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. আব্দুল আলিম নিহত হন। বিএনপি’র দাবি, পুলিশ এবং সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও গুলিতে তারা নিহত হন।
নিহত ৫ নেতাকর্মীর স্মরণে বিএনপির শোক র্যালি
Date:












