বৃটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ এখন লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই শেষকৃত্য না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবেন তিনি। এর আগে সাধারণ মানুষ রানীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরইমধ্যে হাজার হাজার মানুষ রানীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
মেট্রো জানিয়েছে, রানীর প্রতি শ্রদ্ধা জানাতে মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকে। শুক্রবার সেখানে ৪ মাইল দীর্ঘ লাইন দেখা যায়। রাতের অন্ধকার নেমে এলেও সেই বিশাল সারি বড় হতেই থাকে। শীতের কথা ভেবে তারা শীতের কাপড় এমনকি কম্বলও সঙ্গে করে নিয়ে এসেছেন। সারিতে দাঁড়িয়ে থাকতে থাকতেই বন্ধু বানিয়ে ফেলছেন অচেনা কাউকে, আবার তার সঙ্গেই গল্প জুড়ে দিয়ে সময় পাড় করছেন।
রানীকে দেখতে হলে কত সময় অপেক্ষা করতে হবে তা আগে থেকেই জানিয়ে দিচ্ছে বৃটিশ সরকার। সর্বশেষ আপডেটে বলা হয়েছে ১৯.৫ ঘণ্টা লাগতে পারে রানীর মরদেহের কাছে পৌছাতে। এছাড়া রাতে তাপমাত্রা আরও কমে যেতে পারে সে সতর্কতাও ঘোষণা করা হয়েছে।












