বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে গতকাল সকালে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বিশ্বকাপের মূলপর্বে অংশ নেয়ার আগে তাদের সামনে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। এবার ঘরের মাঠে এই আসরের শিরোপা ধরে রাখাই এখন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দলের অন্যতম লক্ষ্য। গতকাল সকালে বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমকে নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমি বলবো এটা আমাদের জন্য সেরা প্রস্তুতি ছিল। কারণ, ম্যাচ প্র্যাকটিসের ওপর কোনো প্রস্তুতি হতে পারে না। যেহেতু আমরা ওখানে একই (টি-টোয়েন্টি) ফরম্যাটে খেলে এসেছি সেটা আমাদেরকে এশিয়া কাপে সাহায্য করবে। কারণ, ওই টুর্নামেন্টে কম বেশি আমরা সবাই খেলেছি। যেহেতু আমরা প্রায় একই দল পাচ্ছি এবং এশিয়া কাপে যদি আমরা দল হিসেবে কাজ করতে পারি আমার কাছে মনে হয় ভালো একটা ফল আসবে।’ ২০১৮ তে নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে ঐতিহাসিক শিরোপা জেতে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে ঘরের মাঠে শিরোপা ধরে রাখার ভালো উপলক্ষ। সেটি করতে নিজেদের শতভাগের বেশি দিতে চায় ক্রিকেটাররা।












