নিখোঁজের ৬ দিন পর শেরপুরের নালিতাবাড়ীর গৃহবধূ নাসিমা বেগমের (৩৭) মাটিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ীর গারোপাহাড়ের বিশগিরি পাড়া থেকে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাসিমা বেগম কাকরকান্দি ইউনিয়নের পূর্ব মানিককুড়ার গ্রাম পুলিশ আমির হোসেন মণ্ডলের স্ত্রী। গত শনিবার বিকেলে সে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এ কদিনেও তার কোনো হদিস পায়নি স্বজনেরা। পরে নালিতাবাড়ী থানায় তার নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয় পরিবারে তরফ থেকে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক নিহতের স্বজনদের উদ্ধৃত করে জানান, ‘নাসিমা নিখোঁজ হবার পর থেকেই তার সন্ধান করছিলো পুলিশ এবং স্বজনরা। বৃহস্পতিবার সকালে গারোপাহাড়ের বিশগিরি এলাকায় দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা বনের ভিতর মাটিতে পোতা অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে নাসিমার স্বামী ও তার বাবা এসে মরদেহটি নাসিমার বলে শনাক্ত করেন। পরে আমাদের জানালে আমরা লাশ উদ্ধার করি।’
এই পুলিশ কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যাব ও সিআইডির লোকজন ঘটনাস্থলে গিয়েছিলো। নাসিমাকে হত্যা করে পুঁতে রাখা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
সর্বশেষ জানা গেছে, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।












