প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাককে কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছেন। এমন খবর সামনে আসার পর থেকে ভারতীয় প্রবাসীরা যজ্ঞের আয়োজন করে সুনাকের বিজয় নিশ্চিত করার প্রচেষ্টা চালাচ্ছেন । টোরি পার্টির দায়িত্ব গ্রহণের জন্য সুনাক এবং ট্রাসের মধ্যে যুদ্ধ দিন দিন তীব্রতর হচ্ছে। দুটি জরিপে দেখা গেছে ট্রাস ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। ব্রিটিশ ভারতীয় সিকে নাইডু বলেছেন , “ঋষি ভারতীয় বলেই আমরা তাঁকে প্রধানমন্ত্রী হিসাবে চাইছি, এমনটা নয়। কিন্তু দেশের অর্থনৈতিক সংকট মেটানোর ক্ষমতা আছে তাঁর। প্রতিদিনের জীবনযাত্রার খরচ বহু বেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী হলে এহেন অবস্থা থেকে আমাদের উদ্ধার করবেন ঋষি।”
বিলেতের অধিকাংশ সমীক্ষাতেই দেখা যাচ্ছে, জনসমর্থনের ক্ষেত্রে খুবই পিছিয়ে রয়েছেন সুনাক। তার মধ্যেও কিছুদিন আগেই একটি বিতর্কসভায় ট্রাসকে হারিয়ে দিয়েছিলেন তিনি। কনজারভেটিভ পার্টির কর্মী সমর্থকদের সামনে সেই বিতর্কে জয় পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন ঋষি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ।












