মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ থেকে সদ্য এমবিবিএস পাস করা জান্নাতুল নাঈম সিদ্দিক (২৭)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন রেজাউল করিম রেজা। সেই সম্পর্কের জেরেই একাধিকবার বিভিন্ন পর্যটন স্পটে ঘুরেছেন তারা। দুজনের সম্পর্কের বিষয়টি পরিবারকেও জানিয়েছিলেন তারা। কিছুদিন আগে জান্নাতুলকে বিয়ের প্রস্তাব দেন রেজা। কিন্তু প্রস্তাবে সায় দেয়নি জান্নাতুলের পরিবার। এতেই ক্ষুব্ধ হন রেজা। গত বুধবার কৌশলে প্রেমিকা জান্নাতুলকে ডেকে এনে রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন তারা। দীর্ঘদিনের ক্ষোভের বশবর্তী হয়ে হোটেল কক্ষেই জান্নাতুলকে ছুরিকাঘাত ও নৃশংসভাবে গলা কেটে হত্যা করেন পাষণ্ড রেজা। এরপর কক্ষটি বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে চট্টগ্রাম চলে যান তিনি। গতকাল চট্টগ্রাম থেকে রেজাকে গ্রেপ্তার করে র্যাব।
জানা গেছে, অভিযুক্ত রেজা একসময় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।












