২০২০ সালের ডিসেম্বরে তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি এবং সালেহ সোবহান অনিমের নির্মাণে হইচইয়ে রিলিজ করা হয় অরিজিনাল সিরিজ ‘তাকদীর’। মুক্তির পরই আলোড়ন তোলা সিরিজটি দেশে ও বিদেশে সেরা ওয়েব সিরিজ, সেরা পরিচালক, সেরা অভিনেতা সহ বেশ কিছু পুরস্কার জিতে নেয়। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেন চঞ্চল চৌধুরী। দুই বছর পর, জনপ্রিয় এই জুটি আবার হইচইয়ে ফিরে আসছে অরিজিনাল সিরিজ ‘কারাগার’ নিয়ে। ইতিমধ্যে চঞ্চল চৌধুরীর চরিত্রের লুক প্রকাশ হয়েছে যা নিয়ে অনলাইন মাধ্যম গুলোতে জোর চর্চা চলছে। চরিত্রের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য অনেকটা ওজন ঝরাতে হয়েছে। বসে যাওয়া গাঢ় লাল চোখ, কঙ্কালসার শরীরে চটের তৈরি প্রাচীনকালের কয়েদীদের পোষাক, ছোট করে ছাঁটা চুলে তার যেমন লুক, সেরকম তাকে এর আগে কখনও দেখা যায়নি। মূল গল্পের খুব বেশি প্রকাশ না পেলেও এটুকু বোঝা গেছে যে চঞ্চল চৌধুরী একটি রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন। নিজের এই পরিবর্তন সম্পর্কে চঞ্চল চৌধুরী বলেন, কারাগার সিরিজটি আমার অন্য কাজগুলো থেকে বেশ আলাদা। সিরিজটি বেশ ইন্টারেস্টিং, আর ক্যারেক্টারটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে।












