তাইওয়ান সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের রিপাবলিকার গভর্নর এরিক হোলকম্ব। তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনা ঘোষণার কয়েক দিনের মাথায়ই মার্কিন গভর্নর দেশটি সফরে গেলেন। এ খবর দিয়েছে টিআরটি।
খবরে জানানো হয়, তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর নজিরবিহীন সামরিক মহড়া চালিয়ে জবাব দেয় চীন। যুক্তরাষ্ট্র চীনের এমন আচরণের নিন্দা করলেও এরপরই মার্কিন এক সিনেটরের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল তাইওয়ান সফর করে। তখনও সামরিক মহড়া চালিয়ে এই সফরের প্রতিবাদ জানায় চীন। এবার আরেক মার্কিন গভর্নর তাইওয়ান সফরে গেলেন। হোলকম্ব রোববার তাইওয়ান পৌঁছান। তিনি এই সফরকে ‘অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সফর’ বলে আখ্যায়িত করেছেন।
সোমবার তিনি প্রেসিডেন্ট সাইয়ের সঙ্গে বৈঠক করেন।












