মোহামেডান সমর্থকদের আরও একটি জয় উপহার দিলেন কোচ শফিকুল ইসলাম মানিক। গতকাল কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উত্তর বারিধারার বিপক্ষে ৩-০ গোলের উড়ন্ত জয় পায় সাদা কালোরা। কোচ মানিক দায়িত্ব নেয়ার পর চার ম্যাচের দুটিতে জয় এবং একটি ড্র করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হারটি অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে। গতকাল জোড়া গোল করেন মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার অবি মোনেকে। অন্য গোলটি করেছেন মালির ফরোয়ার্ড ও অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এই জয়ে ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এলো মোহামেডান। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বারিধারা। চলতি লীগের ১৬তম রাউন্ডে মোহামেডানের দায়িত্ব নেন মানিক। তার প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর কাছে ৪-২ গোলে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় মোহামেডান।
শেখ জামালকে হারিয়ে দেয় ৩-১ গোলে। তৃতীয় ম্যাচে শিরোপা দৌড়ে এগিয়ে থাকা বসুন্ধরা কিংসকে (১-১ গোল) রুখে দেয় সাদা-কালো শিবির। সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও উপরের দিকে উঠে আসেন দলটির অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ১৩ গোলের সুবাদে তালিকার তৃতীয়স্থানে উঠে এলেন তিনি। তার সামনে কেবল বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো (১৪) এবং চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার থ্যাংকগড (১৮)। গতকাল কুমিল্লায় প্রথমার্ধের যোগ করা সময়ে মোরছালিনের বাড়িয়ে দেয়া বলে গোল করে দলকে এগিয়ে নেন অবি মোনেকে। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। ম্যাচের যোগকরা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোলটি করেন অবি মোনেকে। শেখ রাসেলকে রুখে দিলো মুক্তিযোদ্ধা গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রথম পর্বে মুক্তিযোদ্ধার কাছে ৩-০ গোলে হারের প্রতিশোধ নিতেই মাঠে নেমেছিল অলব্লুরা। কিন্তু গোলশূন্য ড্র করে নিদেন পক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ১২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থেকে অবনমন শঙ্কায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পুলিশ-রহমতগঞ্জের ম্যাচ ড্র রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও রহমতগঞ্জের ম্যাচটি ড্র হয়েছে। প্রথম পর্বে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছিল পুলিশ। এ ড্রয়ের ফলে অবনমন শঙ্কা দূর হয়েছে রহমতগঞ্জের। ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে পুরান ঢাকার ক্লাবটি। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ছয় নম্বরে নেমে গেছে বাংলাদেশ পুলিশ।












