দুর্গতদের পাশে না দাঁড়িয়ে বিএনপি তাদের নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বিএনপি কখনো দুর্গত-পীড়িতদের পাশে যায় না বরং তাদের নিয়ে রাজনীতি করে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ড. হাছান বলেন, দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, দুর্গত-পীড়িত মানুষের কাছে সর্বাগ্রে ছুটে যাওয়া আওয়ামী লীগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো আওয়ামী লীগ সবসময় সেটি করে আসছে।
তথ্যমন্ত্রী বলেন, এবার সিলেটে বন্যা দেখা দেওয়ার পর অতীতের মতোই সেখানে সর্বাগ্রে ছুটে গেছে আওয়ামী লীগ। অনেক জায়গায় প্রশাসনের মানুষ যাওয়ার আগেই আমাদের দলের নেতাকর্মীরা ছুটে গেছেন। তাদের নিজেদের ঘরবাড়ি ডুবে গেছে, তারপরও যাদের সামর্থ্য আছে, তারা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নিজে ছুটে গেছেন। এখন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে, আমাদের নেতাকর্মীরা সেগুলো পৌঁছে দিচ্ছেন।
‘বিএনপি ও কিছু বিশিষ্ট ব্যক্তি যাদের আবার এনজিও আছে, তারা এখন কোথায়’ প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, তাদের তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ টক শো-তে আছে, কিন্তু মানুষের পাশে তাদের দেখা যাচ্ছে না। আর মির্জা ফখরুল সাহেবরা ঢাকায় বসে বকবক করছেন। আসলে বিএনপি কখনো দুর্গতদের পাশে দাঁড়ায় না, তদের নিয়ে রাজনীতি করে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এ অনুষ্ঠানে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা খাতুন, মহানগর দক্ষিণের নেতা আকতার হোসেন ও ড. কামরুন নাহার বক্তব্য দেন।












