শেরপুরের নকলা উপজেলার পাঁচকাহনীয়া এলাকা থেকে ১০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে আরিয়ান নামে ওই শিশুর লাশ বস্তাবন্দী অবস্থায় গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত আরিয়ানের মামা জিহান পলাতক রয়েছে। নিহত আরিয়ানের বাবার নাম সজল মিয়া।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান নিহতের স্বজনদের বরাতে জানান, নিহত আরিয়ানের মা আইরিন বেগমের সাথে পূর্ব লাভা গ্রামের সজল মিয়ার বিয়ে হয়। কিন্তু আরিয়ানের জন্মের পর থেকেই আইরিন বেগম তার বাবার বাড়ি পাচঁকাহনীয়া থাকতেন। রবিবার দুপুরে আরিয়ানকে নিয়ে আরিয়ানের মামা জিহান ঘুরতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও তারা বাড়ি ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু হয়। গ্রামের মসজিদ থেকেও মাইকিং করা হয় তাদের খোঁজে।
এক পর্যায়ে নানাবাড়ির গোয়াল ঘরে মুখ বাঁধা একটা বস্তা দেখতে পান পরিবারের লোকজন। পরে বস্তার মুখ খুলে ভেতরে আরিয়ানকে দেখতে পান তারা। আরিয়ানকে নিয়ে দ্রুত নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান আরিয়ানকে মৃত ঘোষণা করেন।
এদিকে আরিয়ানের মামা জিহান এখন পর্যন্ত পলাতক রয়েছেন।
নিহত আরিয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ।












