শেরপুরে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠন। শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।
সকাল ১০টায় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপির নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রার যাত্রা। এ সময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি শেষ হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। পরে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও লোকজ মেলা এবং শিশু একাডেমির পক্ষ থেকে শিশুদের চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।












