ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন। আর এক সপ্তাহ ধরে নির্বাচনী মাঠ ছাড়া হয়ে গেছেন আসিফের কর্মী সমর্থকরা। আসিফের বাসায় তল্লাশি চলার কথাও বলছেন স্বজনরা। ভোটারদের কাছে যেতে পারছেন না আসিফের কোন কর্মী। আসিফের স্ত্রীকে মুঠোফোনে হুমকি দেয়ার অভিযোগও ওঠেছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন আসিফের পারিবারিক সূত্র। তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ৭৮-৮০ ভাগ ভোট পেয়ে জয়লাভ করবেন।
পারিবারিক সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী আসিফ গত ৭-৮ দিন পূর্ব থেকেই চাপে ছিলেন। এরই মাঝে তার প্রধান কর্মী মুসাকে (৮০) গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই নিখোঁজ হয়ে যায় নির্বাচনের সমন্বয়কারী আসিফের শ্যালক শাফায়েত সুমন। এরপর থেকেই অস্বস্তিতে ছিলেন আসিফের নির্বাচনী মাঠের সকল কর্মী সমর্থকরা।












