জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি বেশ কিছুদিন ধরেই রাজনীতিতে সরব তিনি। নিজ জেলা চাঁপাই নবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে তাকে দেখা যায় সামাজিক কার্যক্রমে। তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকার। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় মাহি আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যাচ্ছে। এবার তিনি জানালেন, এমপি নির্বাচনে অংশ নিতে চান তিনি। ‘চাঁপাই নবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি। এ নায়িকা জানান, আগামী ২৯শে ডিসেম্বর বিকালে ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাই নবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি। মনোনয়ন কেনার বিষয়টি জানিয়ে মাহি বলেন, আমার জন্য দোয়া করবেন। আমি ‘চাঁপাই নবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি।












