বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয় সম্মেলনের প্রথম অধিবেশন। এর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। এসময় বাজানো হয় জাতীয় সংগীত। এতে সমবেত কণ্ঠ দেন উপস্থিত ডেলিগেটরা।
এর আগে সকাল ৭টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় সম্মেলনস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর ওপর নৌকার আদলে তৈরি ৮০ ফুট দৈর্ঘ্য ৪৪ ফুট প্রস্থের মঞ্চ তৈরি হয়েছে। মূল মঞ্চের উচ্চতা ৭ ফুট।












