দেশে গণতন্ত্র হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পেশাজীবী নেতারা। যে কোন মূল্যে আমরা গণতন্ত্রকে মুক্ত করব। একইসঙ্গে দেশের মানুষকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই জন্য যত ত্যাগই স্বীকার করতে হয় বুদ্ধুজীবী পেশাজীবীরা করবে। পেশাজীবী নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীর মুক্ত এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবি জানান।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, হত্যা ও বিএনপি মহাসচিবসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
সমাবেশ বক্তারা বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত আজ নেই। সভা, সমাবেশ করার অধিকার এমন কি বাক স্বাধীনতাও আজ কেড়ে নেয়ে হয়েছে। জনগনের বিরুদ্ধে পুলিশ ও হেলমেট বাহিনী লেলিয়ে দিয়ে দেশে গুন্ডাতন্ত্র কায়েম করা হয়েছে। দেশের মানুষ আজ অসহায়।












